হেমন্ত কুয়াশায়

সকাল-সন্ধ্যাবেলা আমি সেই নারীকে দেখেছি
জেনেছি অনেক দিন— তারপর তবুও ভেবেছি।
তারপর ঢের দিন পৃথিবীর সেই সাদা সাধারণ কথা
ছোটো বড়ো জিনিসের বিস্মরণে ক্রমে ভুলে গেছি।
আকাশ আমাকে বলে: ‘সে না তুমি আত্মসমাহিতি?’
পৃথিবী আমাকে দেখে ভেবে যায়: ‘এর প্রাণে, আহা,
লাখেরাজ হয়ে প’ড়ে রয়েছে সততা;
যে নারীকে নদীর কিনারে জলে ভালোবেসেছিল
সময়ের সুবাতাস মুখ ছুঁয়ে চ’লে গেলে যদি তার কথা
ভুরু কোঁচকায়ে ভেবে নিতে হয়, মানবহৃদয় তবে সে কোন্ রকম।’
হেমন্তের কুয়াশায় বেড়াতে-বেড়াতে কারু দাবি
অমল ঋণের মতো গ্রহণ করেছি আমি নিতে ভুলে গিয়ে;
তার ভালোবাসা পেয়ে ভয়াবহভাবে সৎ হয়ে আছি— ভাবি।

Comments

সর্বাধিক পঠিত কবিতা

যত দূর চোখ যায়

তবুও সে আসবে না আর

পটভূমির ভিতরে গিয়ে

যাত্রী

প্রার্থনা

ভাঁড়ের মৃত্যু: ১৯৩৬

সূর্য রাত্রি নক্ষত্র

পটভূমি

এইখানে প্যাকাটির মতো

আকাশের চাঁদ