প্রার্থনা
আমাদের, প্রভু, বীক্ষণ দাও: মরি না কি মোরা মহাপৃথিবীর তরে?
পিরামিড যারা গড়েছিল এক দিন— আর যারা ভাঙে— গড়ে—
মশাল যাহারা জ্বালায় যেমন জেঙ্গিস যদি হালে
দাঁড়ায় মদির ছায়ার মতন— যত অগণন মগজের কাঁচা মালে;
যে-সব ভ্রমণ শুরু হ’ল শুধু মার্কোপোলোর কালে;
আকাশের দিকে তাকায়ে মোরাও বুঝেছি-যে সব জ্যোতি
দেশলাই-কাঠি নয় শুধু আর— কালপুরুষের গতি;
ডিনামাইট দিয়ে পর্বত কাটা না হ’লে কী ক’রে চলে—
আমাদের, প্রভু, বিরতি দিও না; লাখো-লাখো যুগ রতি-বিহারের ঘরে
মনোবীজ দাও: পিরামিড গড়ে— পিরামিড ভাঙে গড়ে।
Comments
Post a Comment