সারাৎসার

এখন কিছুই নেই— এখানে কিছুই নেই আর,
অমল ভোরের বেলা র’য়ে গেছে শুধু;
আশ্বিনের নীলাকাশ স্পষ্ট ক’রে দিয়ে সূর্য আসে;
অনেক আবছা জল জেগে উঠে নিজ প্রয়োজনে
নদী হয়ে সমস্ত রৌদ্রের কাছে জানাইতেছে দাবি;

নক্ষত্রেরা মানুষের আগে এসে কথা কয় ভাবি;
পল অনুপল দিয়ে অন্তহীন নিপলের চকমকি ঠুকে
ঐ সব তারার পরিভাষার উজ্জ্বলতা;
আমার লক্ষ্য ছিল মানুষের সাধারণ হৃদয়ের কথা
সহজ সঙ্গের মতো জেগে নক্ষত্রকে
কী করে মানুষও মানুষীর মতো ক’রে রাখে।

তবু তার উপচার নিয়ে সেই নারী
কোথায় গিয়েছে আজ চ’লে;
এই তো এখানে ছিল সে অনেক দিন;
আকাশের সব নক্ষত্রের মৃত্যু হলে
তারপর একটি নারীর মৃত্যু হয়:
অনুভব ক’রে আমি অনুভব করেছি সময়।

কবিতা। চৈত্র ১৩৫৫

Comments

সর্বাধিক পঠিত কবিতা

যত দূর চোখ যায়

তবুও সে আসবে না আর

পটভূমির ভিতরে গিয়ে

সূর্য রাত্রি নক্ষত্র

পটভূমি

ভাঁড়ের মৃত্যু: ১৯৩৬

আকাশের চাঁদ

যাত্রী

প্রার্থনা

এইখানে প্যাকাটির মতো