পৃথিবীর ইতিহাস

পৃথিবীর ইতিহাস দেখতে চাই না আমি পাণ্ডুলিপি খুলে—
চড়াইয়ের ডিম ভেঙে কখন প’ড়ে আছে ঘাসের উপরে,
কেউ নাই, অথবা ঘাসের বুক ছেয়ে আছে যেই নীল ফুলে,
নাই কেউ,— এই সব মৌন গল্প হৃদয়ের তরে

পৃথিবীর এক দিনে রয়েছে ছড়ায়ে সব সীমাহীন কালের ফসল
সন্ধ্যার কাকের ধ্বনি, রাঙা নীল অরণ্যেরা— মৃত্তিকার— মৃত্তিকার পথ
তার পর অন্ধকার— বাদুড়ের ডানা ভ’রে শিশিরের জল
বিস্মৃত নারীর মুখ: এই সব রচিতেছে ইতিহাস, অনাদি জগৎ—

অসীম আকাশ খুঁজে কে করেছে সকল নক্ষত্র আবিষ্কার?—
যার হৃদয় এই পৃথিবীর ধূসর নিঃশ্বাসে
গল্প প্রেম স্বপ্ন পায়— ভালো লাগে যার চোখে কার্তিকের সোনার ভাঁড়ার
যার প্রাণে সব পাখি সব নদী ঘরে চ’লে আসে।

Comments

সর্বাধিক পঠিত কবিতা

যত দূর চোখ যায়

তবুও সে আসবে না আর

পটভূমির ভিতরে গিয়ে

যাত্রী

প্রার্থনা

ভাঁড়ের মৃত্যু: ১৯৩৬

সূর্য রাত্রি নক্ষত্র

পটভূমি

এইখানে প্যাকাটির মতো

আকাশের চাঁদ