তা হলে আলোর ডাকে

তা হলে আলোর ডাকে এ-রকম হেমন্তের বন থেকে আমি
বিষয় সংগ্রহ করি পুনরায়— ঘাসের ঘাঁটির মতো ভেবে
তিনটি নিরীহ গাধা এক দিন আমার হৃদয়ে
অলোকসামান্য প্রেম খেয়েছিল জেনে নিয়ে ভোর
নিজের শরীর এনে এইখানে উঁচু-উঁচু গাছের ভিতরে
আলোকিত হয়ে ওঠে— জ্ঞাতসারে বন্ধুর মতন
ছায়া হয়— এই বনে পৃথিবীর নয়টি কানন
রয়ে গেছে— নয় জন নদী আছে— ১৩১৫ সালে নয়টি নারীর
নিভোনো দেহের মতো— সাদা, নীল, রক্ত, কাকাতুয়া
কোথাও রয়েছে যেন মনে হয়— এইখানে প্রতিটি গাছের
মুখাবয়বের দিকে চেয়ে থেকে— অন্নস্পর্শাতুর
হৃদয়ের দোষে আমি কিছু দেখি— সকল দেখি না
তবু সেই পাখিগুলো উপরের বাতাসের ঢাল থেকে বলে:
‘এখানে সবুজ পাতা সম্পূর্ণ অঙ্গাঙ্গি ভাবে পেকে
হলুদ হতেছে ক্রমে— সুদূর পৃথিবী
শোরগোলে অবশেষে শান্ত হয়ে গেলে এক-দিন
উড়ে যাবে তারা সব। যম নিয়মের শেষ প্রত্যঙ্গ, প্রতীক
টানাপোড়েনের সুরে সারা-দিন অবহিত সুতোর মতন
বাতাস এখানে নিজ গুণময়— উচ্ছৃঙ্খল অলীক বাতাস
মনে ক’রে নদীর জলের দিকে তাকালে নয়টি নিঃস্ব নদী
হেসে যাবে নয় বন মুছে ফেলে হঠকারী মানুষের হৃদয়ের থেকে।’

Comments

সর্বাধিক পঠিত কবিতা

যত দূর চোখ যায়

তবুও সে আসবে না আর

পটভূমির ভিতরে গিয়ে

যাত্রী

প্রার্থনা

ভাঁড়ের মৃত্যু: ১৯৩৬

সূর্য রাত্রি নক্ষত্র

পটভূমি

এইখানে প্যাকাটির মতো

আকাশের চাঁদ