হে সঙ্গীতকারী তরু

‘হে সঙ্গীতকারী তরু,— বৈশাখের আকাশের নিচে
হে গুহার জাদুকর, রাত্রির পূর্ণ অন্ধকারে
তোমার পিপাসা কবে ঝরনার মতো স্ফীত হয়ে
আবার নামিবে এসে পৃথিবীতে নদীর আকারে-‘
বলিল নিসর্গ জেগে— আমার আত্মার দিকে চেয়ে
গুহা ও গাছের মতো মনে ক’রে মিছেই আমারে।

আমি শুধু দিনের আলোয় দ্রুত ধাবমান হয়ে
সূর্যকে পিছনে রেখে— শরীরের ছায়ার পিছনে
ছুটিতেছিলাম ক্রমে— চারি-দিকে অসংখ্য মুকুরে
চকিত ছবির মতো জীবন্ত রঙের বিচ্ছুরণে
ভাই, বন্ধু, জায়া, শত্রু হরিণের মতো দ্রুত খুরে
ছুটে যায়— আমারই মতন প্রাণপণে।

কোথাও আকাশ থেকে যেন কেউ ডিম
শানিত সোনা’র ডিম পৃথিবীতে ছুঁড়ে
পামীরের উচ্চতা— সাহারা’র সমতল
মানুষের পরম আয়ুরে
গাঁথিছে মণির মতো তার পর সূতার ভিতর
সর্বদাই পৃথিবীর পথ হতে স’রে থেকে তিন ধনু দূরে।

‘আদিম ফুলের জন্ম দিয়েছিল যেই গাছ
আমাদের পৃথিবীতে এনে এক-দিন
প্রথম পাথর সৃষ্টি করেছিল যে-পাহাড়
আমাদের হাতে নিয়ে সেই সব ফুল আর পাথরের ঋণ
আবার ফিরায়ে যদি দিতে পারি আদি ভূমিকায়-‘
এই ভেবে দ্রুতগতি হরিণেরা দিগন্তের মুকুরে বিলীন।

Comments

সর্বাধিক পঠিত কবিতা

যত দূর চোখ যায়

তবুও সে আসবে না আর

পটভূমির ভিতরে গিয়ে

ভাঁড়ের মৃত্যু: ১৯৩৬

পটভূমি

যাত্রী

সূর্য রাত্রি নক্ষত্র

প্রার্থনা

আকাশের চাঁদ

এইখানে প্যাকাটির মতো