অন্ধকার ঝটিকার রাতে

অন্ধকার ঝটিকার রাতে আর আকাশে যখন
চাঁদ নাই— কুকুরের মতো যেন কেঁদে ওঠে নদীদের মন;—
উদ্ভূত প্রদীপ যেন ব্রহ্মমুণ্ড টেবিলের ‘পরে
কিছু নাই সম্মুখীন শিখা ছাড়া— ঘরের ভিতর
হৃদয়— হৃদয় যেন অগ্নিগর্ভ শমি
হোক-না মানববীজ মিশরের মমি
তবু সে বলিতে আছে চলাচল তুফানের রাতে
মনীষার মতো যেন রুদ্ধ হয়ে বধির ব্যাঘাতে
খাঁচার ভিতরে যেন শ্যেনচক্ষু পাখির মতন
যেখানে রয়েছে অগ্নি প্রবাহিত দার্শনিক মন
সেইখানে অনাদি আদিম ভূত হয়ে জেগে আছে
আরও কাছে চ’লে এসো— অগ্নি’র কাছে।

Comments

সর্বাধিক পঠিত কবিতা

যত দূর চোখ যায়

তবুও সে আসবে না আর

পটভূমির ভিতরে গিয়ে

যাত্রী

প্রার্থনা

ভাঁড়ের মৃত্যু: ১৯৩৬

সূর্য রাত্রি নক্ষত্র

পটভূমি

এইখানে প্যাকাটির মতো

আকাশের চাঁদ